ইউজিসি’র নবনিযুক্ত চেয়ারম্যানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন
News
March 18, 2026
Details
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মামুন আহমেদ বুধবার (১৮ মার্চ ২০২৬) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এক শুভেচ্ছা বাণীতে বেরোবি উপাচার্য বলেন, প্রফেসর ড. মামুন আহমেদ একজন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং দূরদর্শী শিক্ষাবিদ। তাঁর মতো একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ইউজিসি’র চেয়ারম্যান পদে আসীন হওয়ায় দেশের উচ্চশিক্ষা স্তরে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। বিবৃবিতে বেরোবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে তাঁর দীর্ঘ প্রশাসনিক ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার পরিবেশ তৈরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও একাডেমিক উৎকর্ষ সাধনে ইউজিসি আরও গতিশীল হয়ে উঠবে। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে তাঁর দিকনির্দেশনা হবে অত্যন্ত সময়োপযোগী।
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসি’র সমন্বয় ও সহযোগিতার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
Top BRUR News